এককভাবেই বিনিয়োগ করতে পারবে বিদেশী ই-কমার্স প্রতিষ্ঠান

২৩ জুন, ২০২০ ২৩:৫৫  
যৌথভাবে নয়, এখন থেকে এককভাবেই বিনিয়োগ করতে পারবে বিদেশি যেকোনো ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান। বিদেশি যেকোনো ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান এখন থেকে বাংলাদেশে এককভাবেই বিনিয়োগ করতে পারবে। আগে বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করার যে শর্ত ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ এর সংশোধিত 'জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা ২০২০' -এ এই সুবিধা দেয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রঙ্গাপন অনুযায়ী, আগের নীতিমালা থেকে ‘তবে বিদেশি ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রি দেশীয় কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথ বিনিয়োগ ছাড়া এককভাবে ব্যবসা করতে পারবে না এবং দেশীয় ডিজিটাল কমার্স ইন্ডাস্ট্রির স্বার্থকে প্রাধান্য দিতে হবে’ অংশটি বাদ দেয়া হয়েছে।